চুয়াডাঙ্গায় ভোক্তা অধিদপ্তরের অভিযান; ২ প্রতিষ্ঠানকে জরিমানা

0
ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী এলাকায় অভিযান চালিয়ে একটি বেকারি ও একটি সার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই তদারকি অভিযান পরিচালনা করা হয়।

চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, উথলী বাজারে বিভিন্ন বেকারি, হোটেল, ফার্মেসি এবং সার ও বীজের দোকানে তদারকি করা হয়। এসময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

ছবি: সংগৃহীত।

এসময় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি ও সংরক্ষণের অপরাধে (ধারা ৪৩) ১৫ হাজার টাকা ও অবৈধভাবে সার বিক্রি এবং ভাউচার সংরক্ষণ না করার অপরাধে (ধারা ৪৫) এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্ট বাজারের ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ করা, যৌক্তিক মূল্যে পণ্য কেনাবেচা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে ওষুধ, বীজ ও শিশু খাদ্যের মান বজায় রাখার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার সালমা জাহান নিপা, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল।

সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও তদারকিমূলক অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে।