কৃষকের সাথে প্রতারণা: যশোরে রেক্সিমকো ম্যানেজারকে লাখ টাকা জরিমানা

0
যশোরের চাঁচড়া এলাকায় রেক্সিমকো ইনসেকটিসাইডসের রিজিওনাল ম্যানেজারের বাড়িতে ভোক্তা অধিকার ও র‍্যাবের অভিযান।। ছবি: লোকসমাজ

যশোরে রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ আগাছানাশকসহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় রেক্সিমকো ইনসেকটিসাইডস লিমিটেডের রিজিওনাল ম্যানেজার মো. হাবিবুল্লাহ খানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শহরের চাঁচড়া (পালবাড়ি সড়ক) এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, হাবিবুল্লাহ খান তার নিজ বাড়িতে অবৈধভাবে ডিপো তৈরি করে ব্যবসা পরিচালনা করছিলেন। অভিযানে দেখা যায়, কোম্পানির কোনো পণ্যের আইডি নম্বর সঠিক ছিল না এবং সেখানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ রাখা হয়েছিল। এছাড়া একটি আগাছানাশকসহ দুটি গুরুত্বপূর্ণ পণ্যের কোনো বৈধ রেজিস্ট্রেশন পাওয়া যায়নি। অভিযুক্ত হাবিবুল্লাহ খান নিজেও এসব অনিয়মের সত্যতা স্বীকার করেছেন।

অভিযানে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা অংশ নেন। অননুমোদিত পণ্য উৎপাদনের অপরাধে দুটি ধারায় তাকে ১ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি রেজিস্ট্রেশনবিহীন সব পণ্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।