নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

মানবতাবিরোধী অপরাধ

0
মোহাম্মদপুরে ৯ জন নিহতের ঘটনায় অভিযুক্ত সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস।। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলার নথিপত্র অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৃশংসতায় মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন। প্রসিকিউশন জানায়, আসামিদের উসকানি, প্ররোচনা এবং প্রত্যক্ষ ও পরোক্ষ উপস্থিতিতে নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়েছিল। এই ঘটনায় চলতি বছরের ১৮ জানুয়ারি ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

আজকের শুনানিতে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হবে গ্রেপ্তার হওয়া চার আসামিকে। তাঁরা হলেন- নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। অন্যদিকে, পলাতক আসামিদের তালিকায় জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলে নূর তাপস ছাড়াও রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন। গত ৮ এপ্রিল এই শুনানি হওয়ার কথা থাকলেও প্রসিকিউশনের প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহে বিলম্ব হওয়ায় ট্রাইব্যুনাল আজকের দিন ধার্য করেন।