চৌগাছায় ফের মর্টারশেল উদ্ধার

0
ছবি: সংগৃহীত।

যশোরের চৌগাছায় কপোতাক্ষ নদ খনন করা মাটির নিচ থেকে একটি মর্টারশেল উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে সেটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। দুই সপ্তাহ আগেও উপজেলার পাশাপোল ইউনিয়ন হতে একটি মটারসেল উদ্ধার হয়।

থানা সূত্রে জানা গেছে, চৌগাছার পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদের পশ্চিম পাশে সাবেক লোহার ব্রিজের নিচে তারিনিবাস মহল্লার সফদার ফকির (৬৫) খাস জমিতে মানকচু লাগানোর জন্যে গর্ত খুঁড়ছিলেন।

এ সময় হঠাৎ গর্তের মধ্যে তিনি মর্টারশেলটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত সেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সফদার ফকিরসহ স্থানীয়রা জানান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই স্থানটিতে পাকসেনাদের সাথে মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ হয়। ধারণা করা হচ্ছে, সেই যুদ্ধের সময় এই মর্টারশেলটি ব্যবহার করা হয়। কয়েক বছর আগে কপোতাক্ষ নদ খনন করা হয়েছে।

চৌগাছা থানার দায়িত্বরত অফিসার ইনচার্জ নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মর্টারশেলটি থানায় নিরাপদ স্থানে রাখা হয়েছে।