বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ব্যবসায়িক ও চিকিৎসা ভিসা চালু করছে ভারত

0
বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহেই ভিসা চালু করছে ভারত।। ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসার পাশাপাশি ব্যবসায়িক ভিসাও পুনরায় চালু করতে ভারত সম্মত হয়েছে। আগামী সপ্তাহ থেকেই এই ভিসা প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

হুমায়ুন কবির বলেন, “ভালো মাইন্ডসেট বা মানসিকতা থাকলে দুই দেশের সম্পর্ক ইতিবাচকভাবে অনেক দূর এগিয়ে যাবে। আমাদের আলোচনায় দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু সমস্যা নিয়ে অত্যন্ত ইতিবাচক ফল পাওয়া গেছে।” এ সময় পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ অব্যাহত রাখার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের সফরে দিল্লি যান। সেই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা অমীমাংসিত ও জরুরি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই আলোচনার প্রেক্ষিতেই দ্রুততম সময়ে ভিসা চালুর এই সিদ্ধান্ত এলো।