যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে: পেজেশকিয়ান

0
ওয়াশিংটন 'স্বৈরতান্ত্রিক মনোভাব' ছাড়লে চুক্তির সুযোগ আছে: ইরানের প্রেসিডেন্ট।। ছবি: সংগৃহীত

ইসলামাবাদে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক ব্যর্থ হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তির সুযোগ এখনও বিদ্যমান বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে এর জন্য শর্ত হিসেবে যুক্তরাষ্ট্রকে তার ‘স্বৈরতান্ত্রিক মনোভাব’ পরিত্যাগের আহ্বান জানিয়েছেন তিনি। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক বার্তায় তিনি এই অভিমত ব্যক্ত করেন।

পেজেশকিয়ান তাঁর বার্তায় বলেন, “যদি মার্কিন সরকার তাদের স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করে ইরানের জনগণের জাতীয় অধিকারকে সম্মান করে— তবে একটি চুক্তিতে পৌঁছানোর পথ বের করা সম্ভব।” একই সাথে তিনি ইরানি প্রতিনিধি দলের সদস্যদের, বিশেষ করে স্পিকার কালিবাফকে তাঁদের প্রচেষ্টার জন্য অভিনন্দন জানান।

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘ দুই যুগের দ্বন্দ্ব নিরসনে গত ফেব্রুয়ারি মাসে ২১ দিনব্যাপী সংলাপ চললেও কোনো সমঝোতা হয়নি। পরবর্তীতে ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযান শুরু হয়, যাতে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন। যুদ্ধের ৩৯তম দিনে গত ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর ১১ এপ্রিল ইসলামাবাদে পুনরায় সংলাপে বসে দুই দেশ। তবে টানা ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই বৈঠক।