পহেলা বৈশাখে নিরাপত্তার কোনো হুমকি নেই: র‍্যাব ডিজি

0
রাজধানীর রমনা বটমূলে পহেলা বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করছেন র‍্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।। ছবি: সংগৃহীত

আসন্ন পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের সুনির্দিষ্ট হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনা বটমূলে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

র‍্যাব ডিজি বলেন, নববর্ষ উদযাপন উপলক্ষে রমনা বটমূল, শাহবাগ, টিএসসি, হাতিরঝিল ও মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ উৎসবস্থলগুলোতে র‍্যাবের পক্ষ থেকে সুদৃঢ় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ লক্ষ্যে পর্যাপ্ত পরীক্ষণ ও অবজারভেশন চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, সারাদেশে নববর্ষের অনুষ্ঠান চলাকালীন সার্বিক নিরাপত্তা রক্ষায় কেন্দ্রীয় কন্ট্রোল রুম, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে জনসমাগমস্থলে ইভটিজিং ও যৌন হয়রানি রোধে র‍্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্কাবস্থায় নিয়োজিত থাকবেন। উৎসবমুখর পরিবেশে অন্য বছরের তুলনায় আরও আনন্দের সাথে নববর্ষ উদযাপিত হবে বলে র‍্যাব প্রধান আশা প্রকাশ করেন।