চিকিৎসক ডা. কামরুলের কাছে চাঁদা দাবি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

0
র‍্যাব হেফাজতে ডা. কামরুল ইসলামের হাসপাতালে চাঁদা দাবি ও বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় গ্রেপ্তার হওয়া ৭ জন।। ছবি: সংগৃহীত

মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত অধ্যাপক ডা. কামরুল ইসলামের মালিকানাধীন সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদা দাবি ও বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় প্রধান অভিযুক্ত সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন ওরফে মঈনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর শেরেবাংলানগর থানা এলাকা থেকে মঈনসহ তাঁর আরও ৬ সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, চাঞ্চল্যকর এই চাঁদাবাজি মামলার প্রধান আসামিসহ মোট সাতজন এখন র‍্যাবের হেফাজতে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত শুক্রবার সকাল ৯টার দিকে রাজধানীর সিকেডি হাসপাতালে চাঁদাবাজি ও ‘মব’ সৃষ্টির ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতেই সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে ওই রাতেই কেন্দ্রীয় যুবদলের শীর্ষ নেতারা ডা. কামরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর ১১ এপ্রিল হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলানগর থানায় মঈন উদ্দিন মঈনকে এক নম্বর আসামি করে মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতেই আজ র‍্যাব এই অভিযান পরিচালনা করল।