শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

0
শিশুদের টিকা কেনায় অনিয়মের অভিযোগ; ড. ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন।। ছবি: সংগৃহীত

হামসহ শিশুদের অন্যান্য রোগের টিকা কেনায় সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতি রয়েছে কি না, তা তদন্তের আবেদন জানানো হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর এই আবেদন করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর।

আবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি সারাদেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যু এবং হাজার হাজার শিশুর আক্রান্ত হওয়ার ঘটনা জনমনে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। অভিযোগ করা হয়েছে যে, স্বাস্থ্য খাতে প্রায় ৪২ হাজার কোটি টাকার বিশাল বাজেট থাকা সত্ত্বেও সময়মতো টিকা ও সিরিঞ্জ কিনতে ব্যর্থ হয়েছে বিগত সরকার। কোনো পূর্বপ্রস্তুতি ছাড়াই টিকা কেনার পদ্ধতিতে পরিবর্তন আনায় এই সংকটের সৃষ্টি হয়েছে বলে আইনজীবীরা দাবি করেন।

আবেদনকারী আইনজীবীরা বলেন, স্বাস্থ্য খাতে যথেষ্ট বরাদ্দ থাকা সত্ত্বেও অর্থের সঠিক ব্যবহার না হওয়া এবং তথ্য গোপন করা দুর্নীতির ইঙ্গিত দেয়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও জনমতের বরাত দিয়ে তাঁরা আরও বলেন, এই সংকটের পেছনে সাবেক প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার দায় রয়েছে। দেশের স্বাস্থ্য খাত রক্ষা ও শিশুদের জীবন বাঁচাতে এই সম্ভাব্য অর্থ আত্মসাৎ ও জালিয়াতির বিষয়টি দুদক কর্তৃক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে ওই আবেদনে।