যুক্তরাষ্ট্রের ওপর ‘সম্পূর্ণ অবিশ্বাস’ নিয়েই আলোচনায় বসছে ইরান

0
প্রতিশ্রুতি ভঙ্গের তিক্ত অভিজ্ঞতা নিয়েই যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে ইরান: আব্বাস আরাগচি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক॥ পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ আলোচনায় বসার আগে নিজেদের কঠোর অবস্থানের কথা পুনরায় ব্যক্ত করেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্টভাবে জানিয়েছেন, ওয়াশিংটনের প্রতি ‘সম্পূর্ণ অবিশ্বাস’ নিয়েই তাঁর দেশ এই আলোচনায় অংশ নিচ্ছে।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুলের সঙ্গে এক ফোনালাপে আরাগচি এই সতর্ক অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অতীত আচরণ, বারবার প্রতিশ্রুতি ভঙ্গ এবং ‘কূটনীতির সাথে বিশ্বাসঘাতকতার’ তিক্ত অভিজ্ঞতার কারণে ইরান কোনোভাবেই ওয়াশিংটনকে বিশ্বাস করতে পারছে না। তবে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও জাতীয় স্বার্থ ও অধিকার রক্ষায় ইরানের জনগণ সর্বোচ্চ দৃঢ়তার সঙ্গে লড়াই চালিয়ে যাবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

এদিকে, আলোচনার ফলাফল নিয়ে আগাম মন্তব্য করেছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, মার্কিন প্রতিনিধিরা যদি কেবল তাদের নিজস্ব ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে প্রাধান্য দেন, তবে সমঝোতা কঠিন হবে। তিনি জোর দিয়ে বলেন, কেবল পারস্পরিক স্বার্থ রক্ষা হলেই একটি লাভজনক চুক্তিতে পৌঁছানো সম্ভব।