চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি, ৩ যুবক দণ্ডিত ভ্রাম্যমাণ আদালতে

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্পে সরকারি আদেশ অমান্য করে বিশৃঙ্খলার সৃষ্টির অভিযোগে ২ জনকে সাজা ও ১ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী।

সাজাপ্রাপ্ত দুজন হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার মানিকদিহি গ্রামের জহিরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২০) ও আব্বাস উদ্দিনের ছেলে মারুফ বিল্লাহ (২০)। অর্থদন্ড দেওয়া হয়েছে পৌর এলাকার সাতগাড়ির নাঈম ইসলামকে (২৯)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে তেল সরবরাহের সময় তিন যুবক বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এক পর্যায়ে মারামারি শুরু হয়।

পরে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে বসানো হয়। ভ্রাম্যমাণ আদালতে আশরাফুল ইসলাম ও মারুফ বিল্লাহকে ৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও চুয়াডাঙ্গা পৌর এলাকা সাতগাড়ির নাঈম ইসলামকে ১ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী বলেন, সরকারি আদেশ অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি করায় তিন যুবককে দন্ড প্রদান করা হয়েছে। জেলার প্রতিটি পেট্রোল পাম্পে জেলা প্রশাসনের তদারকি চলমান রয়েছে।