সন্ধ্যা ছয়টার মধ্যে শেষ করতে হবে বর্ষবরণের অনুষ্ঠান

0
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। ১৪ এপ্রিল ২০২৫ ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ আসন্ন বাংলা নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে দেশব্যাপী সব ধরনের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পহেলা বৈশাখের নিরাপত্তা নিশ্চিতে একগুচ্ছ কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পহেলা বৈশাখে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, হাতিরঝিল ও রবীন্দ্র সরোবরের অনুষ্ঠানে বিকেল ৫টার মধ্যে জনসাধারণের প্রবেশ বন্ধ করতে হবে এবং সন্ধ্যা ৬টার মধ্যে সব অনুষ্ঠান শেষ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ‘বৈশাখী শোভাযাত্রা’র নিরাপত্তা নিশ্চিত করতে থাকবে কঠোর নজরদারি। অংশগ্রহণকারীরা কোনোভাবেই মুখ ঢেকে মুখোশ পরতে পারবেন না, তবে তা হাতে বহন বা প্রদর্শন করা যাবে। মিছিল শুরুর পর মাঝপথে কেউ এতে যোগ দিতে পারবেন না।

নিরাপত্তার স্বার্থে দেশব্যাপী ফানুস ওড়ানো, আতশবাজি, গ্যাস বেলুন ও ভুভুজেলা বাঁশি বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ৩০০ ফিট এলাকায় রেসিং বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্টিকারবিহীন যানবাহন প্রবেশ নিষেধ এবং পহেলা বৈশাখের দিন টিএসসি মেট্রোরেল স্টেশন বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। ছিনতাই ও ইভটিজিং রোধে ডগ স্কোয়াড, সিসিটিভি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হবে। আগতদের ব্যাগ, দেশলাই বা লাইটার বহন না করতে এবং শিশুদের সাথে পরিচয়সংবলিত নোট রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

পয়লা বৈশাখের দিন রমনা পার্ক এলাকায় একটি ‘লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার’ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে, যাতে শিশু বা কোনো প্রয়োজনীয় জিনিস হারিয়ে গেলে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়। সভায় সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী জানান, বাঙালির কৃষ্টি ও সংস্কৃতির এই উৎসবকে নিরাপদ করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের কার্যকর ভূমিকা পালন করবে। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পুলিশ, র‍্যাব, বিজিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।