জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলন স্থগিত

0
অনিবার্য কারণে পেছাল ১১ দলের নির্বাচনী আসন ভাগাভাগির ঘোষণা ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা ও অভিন্ন প্রার্থীর ঘোষণা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১টি দলের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে।  আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ২টার দিকে জামায়াতের পক্ষ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের পাঠানো আমন্ত্রণপত্রে জানানো হয়েছিল, বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা প্রদান করবেন।  তবে হঠাৎ করেই ‘অনিবার্য কারণ’ দেখিয়ে এই গুরুত্বপূর্ণ আয়োজনটি স্থগিত করা হয়।

১১ দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ মুঠোফোনে জানান, চূড়ান্ত ঘোষণার বিষয়ে এখনো কিছু কারিগরি প্রস্তুতি বাকি রয়েছে।  আলোচনার মাধ্যমে সব ঠিকঠাক করে পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের নতুন তারিখ ও সময় গণমাধ্যমকে অবহিত করা হবে।  রাজপথের আন্দোলনে থাকা এই ১১ দলের আসন ভাগাভাগির ঘোষণার দিকে এখন রাজনৈতিক মহলের গভীর নজর রয়েছে।