যশোরে পেট্রোল পাম্পে তেল নেওয়ার সময় বাইকে আগুন, মুহূর্তেই ভস্মীভূত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে একটি পেট্রোল পাম্পে জ্বালানি নেওয়ার সময় অগ্নিকাণ্ডে একটি হিরো হোন্ডা স্প্লিন্ডার মোটরসাইকেল ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের ধর্মতলার মেসার্স সোনালী ফিলিং স্টেশনে এ দূর্ঘটনা ঘটে।

মোটরসাইকেলের মালিক চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুল মান্নান।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কাজে বৃহস্পতিবার যশোর শহরের ধর্মতলা এলাকায় আসেন আব্দুল মান্নান। কাজ শেষে বাড়ি ফেরার পথে বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মেসার্স সোনালী ফিলিং স্টেশনে মোটরসাইকেলে (যশোর-হ-১৮-০৬৪৪) জ্বালানি নিতে যান। লাইনে দাঁড়িয়ে থাকার পর জ্বালানি নেওয়ার সময় হঠাৎ তেল ওভারফ্লো হয়ে ইঞ্জিনের ওপর গড়িয়ে পড়ে।

এ সময় আব্দুল মান্নান টাকা পরিশোধ করে মোটরসাইকেলে স্টার্ট দেওয়ার সাথে সাথেই ইঞ্জিনে আগুন ধরে যায়। তাৎক্ষণিক তিনি মোটরসাইকেল ফেলে নেমে আসেন এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্ক সৃষ্টি হয়। তখন পাম্পে থাকা অন্য গ্রাহক ও স্থানীয়রা দ্রুত জ্বলন্ত মোটরসাইকেলটি টেনে পাম্পের মূল অংশ থেকে দূরে সরিয়ে নিয়ে যান। তারা আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে মোটরসাইকেলটি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

ওই ঘটনার পর পুলিশের সহায়তায় মালিক আব্দুল মান্নান ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল কোতয়ালি থানায় নিয়ে যান। এ ঘটনায় তিনি থানায় জিডি করবেন বলে জানা গেছে।