আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের মৃত্যুদণ্ড

0
আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণার পর আসামিদের হাজতে নেওয়া হয় ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। রায় ঘোষণার সময় তাঁরা দুজনেই আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া মামলার মোট ৩০ জন আসামির মধ্যে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ অন্য ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

গ্রেপ্তার থাকা ৬ আসামি—সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, আনোয়ার পারভেজ, এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার বাকি ২৪ জন আসামি এখনো পলাতক রয়েছেন। পলাতকদের তালিকায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদ, সহযোগী অধ্যাপক মো. মশিউর রহমান, আসাদুজ্জামান মন্ডল, সাবেক পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামানসহ আরপিএমপির বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা ও ছাত্রলীগ নেতা পোমেল বড়ুয়াসহ একাধিক নেতাকর্মী।

২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা অবস্থায় আবু সাঈদের বুকে পুলিশের গুলিবর্ষণের ভিডিও সারাদেশে ক্ষোভের সৃষ্টি করেছিল। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় গত বছরের ২৪ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় এবং চলতি বছরের ১৪ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করা হলো।