সরকারি এম এম কলেজের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়ার উদ্বোধন

0
ছবি: লোকসমাজ।

স্পোর্টস রিপোর্টার ॥ ‘সুস্থ দেহ সুস্থ মন, ক্রীড়ায় গড়ি আগামীর জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে শুরু হয়েছে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

মঙ্গলবার সকালে বর্ণাঢ্য আয়োজনে বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম শফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মোসা. শিরিনা খাতুন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ডাক্তার হারুন অর রশিদ, জাতীয়তাবাদী ছাত্রদল এমএম কলেজ শাখার সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।

এরপর কলেজটির ১৯টি বিভাগ ও উচ্চ মাধ্যমিক বিভাগ তাদের স্ব-স্ব বিভাগের প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশ করে শিক্ষক ও অতিথিদের সম্মান প্রদর্শন করে। এরপর বিগত বছরের চ্যাম্পিয়ন অ্যাথলেটরা মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন। মোট ১৩টি ইভেন্টে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আজ বুধবার শুরু হবে মিনি ম্যারাথন, যা তালবাড়িয়া ডিগ্রি কলেজ থেকে এমএম কলেজের দক্ষিণ গেট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এছাড়া শিক্ষক, শিক্ষকদের সহধর্মিণী, কর্মচারী এবং তাদের সন্তানদের জন্য রয়েছে বিভিন্ন প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন ক্যাম্পাসজুড়ে ছিল শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি।