আজ রাতেই ‘আস্ত সভ্যতার মৃত্যু’ ঘটতে পারে: ইরানকে ট্রাম্পের নজিরবিহীন হুঁশিয়ারি

0
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সব শর্ত মেনে না নিলে আজ মঙ্গলবারই ইরানে ‘একটি আস্ত সভ্যতার মৃত্যু’ ঘটতে পারে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই হুমকি দেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।

ট্রাম্প তাঁর পোস্টে লিখেছেন, “আজ রাতেই একটি আস্ত সভ্যতা মারা যাবে; যা আর কোনোদিন ফিরে আসবে না। আমি চাই না এমনটা হোক, তবে সম্ভবত এটি হতে চলেছে।” তিনি পোস্টের শেষে রহস্যময়ভাবে যোগ করেন, “কে জানে কী হয়?” তেহরানকে দাবি মেনে নেওয়ার জন্য ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এই বার্তা বিশ্বজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি করেছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়েছিলেন যে, দাবি পূরণ না হলে সামরিক বাহিনী ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য বেসামরিক অবকাঠামোতে বোমা হামলা চালিয়ে দেশটিকে ‘পাথর যুগে’ পাঠিয়ে দিতে পারে। মঙ্গলবারের আল্টিমেটাম শেষে ট্রাম্প ঠিক কী ধরনের সামরিক পদক্ষেপ নেবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য না জানালেও তাঁর সাম্প্রতিক বার্তাটি এক ভয়াবহ যুদ্ধের সংকেত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।