চৌগাছায় শত্রুতার জেরে বর্গাচাষীর পটল ক্ষেত নিধন, থানায় অভিযোগ

0
ছবি: সংগৃহীত।

চৌগাছা সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় পূর্ব শত্রুতার জেরে দুখু মিয়া নামে এক বর্গাচাষীর ফলন্ত পটল ক্ষেতের সমস্ত গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক দুখু মিয়া।

দুখু মিয়া উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুর গ্রামের মৃত কিতাব আলীর ছেলে।

সোমবার (৬ এপ্রিল) রাতে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুর গ্রামের কৈবিলার মাঠে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দুখু মিয়া একই গ্রামের মইনাল হোসেনের ছেলে নাজমুল হোসেন (২৩) ও মৃত আবুল কাশেমের ছেলে কামাল হোসেনের নাম উল্লেখ করে চৌগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বর্গাচাষী দুখু বর্গা নেওয়া জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন। চলতি মৌসুমে তিনি প্রায় এক বিঘা জমিতে পটলের আবাদ করেছিলেন। মঙ্গলবার ভোরে ক্ষেতে পরিচর্যা করতে গিয়ে তিনি দেখেন, রাতের আঁধারে কে বা কারা তার সমস্ত পটল গাছ কেটে ফেলেছে।

ভুক্তভোগী কৃষক জানান, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তার সঙ্গে পারিবারিক বিরোধে জড়িত এবং বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করে আসছিল। তারাই তার এই ক্ষতি করতে পারে।

চৌগাছা থানার ডিউটি অফিসার এসআই শারমিন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।