ইরানে নিখোঁজ মার্কিন বৈমানিককে উদ্ধার: ‘দুঃসাহসিক অভিযান’ সফল বললেন ট্রাম্প

0
মার্কিন বিমান বাহিনীর এফ-১৫ই স্ট্রাইক ইগল; যার নিখোঁজ ক্রুকে উদ্ধার করা হয়েছে।। ছবি: এআই/লোকসমাজ

লোকসমাজ ডেস্ক ॥ ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে একটি ‘দুঃসাহসিক অভিযানের’ মাধ্যমে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ রোববার (৫ এপ্রিল) নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন।

ট্রাম্প তাঁর পোস্টে লেখেন, “আমরা তাঁকে পেয়েছি! গত কয়েক ঘণ্টায় মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম দুঃসাহসিক একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে।” তিনি আরও জানান, উদ্ধারকৃত বৈমানিক বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন। অভিযানে কয়েক ডজন যুদ্ধবিমান মোতায়েন করা হলেও কোনো মার্কিন সেনা হতাহত হননি।

উল্লেখ্য, গত শুক্রবার ইরান নিজেদের আকাশসীমায় একটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ইগলসহ দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানায়। ওই দিনই একজন ক্রুকে উদ্ধার করা সম্ভব হলেও অন্যজন নিখোঁজ ছিলেন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ খুলে দেওয়া নিয়ে ইরানের ওপর যখন ৪৮ ঘণ্টার আলটিমেটাম জারি রয়েছে, ঠিক সেই মুহূর্তে এই উদ্ধার অভিযানের খবরটি এল।