কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড: চাবির গুচ্ছ ও চুলের ক্লিপ দেখে স্বজনদের লাশ শনাক্ত

0

লোকসমাজ ডেস্ক ॥ ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ছয়জনের মধ্যে চারজন নারী শ্রমিকের মরদেহ শনাক্ত করা হয়েছে। গতকাল শনিবার রাতে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল মর্গে স্বজনরা তাঁদের পরিচয় নিশ্চিত করেন। শনাক্ত হওয়া চার নারী হলেন—মঞ্জু বেগম (৩৬), শাহীনুর বেগম (৩৫), মীম আক্তার (১৬) ও হাজেরা বেগম ওরফে পারভীন (৫৮)।

স্বজনরা জানান, বীভৎস আগুনে দগ্ধ মরদেহগুলো চেনা দুষ্কর হয়ে পড়েছিল। মঞ্জু বেগমের ছেলে সাব্বির হোসেন মায়ের হাতের চাবির গুচ্ছ দেখে এবং শাহীনুর বেগমের বাবা আজিজ কাজী মেয়ের চুলের খোঁপার ক্লিপ দেখে তাঁদের মরদেহ শনাক্ত করেন। নিহত অপর দুই শ্রমিকের মধ্যে মীমের স্বামী বর্তমানে কারাবন্দী এবং হাজেরা বেগম গত এক বছর ধরে ওই কারখানায় কাজ করছিলেন।

নিহতদের পরিবার এই ঘটনাকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ। তাঁরা এটিকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করে কারখানার মালিক ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং কারখানার মালিক আকরামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। উল্লেখ্য, শনিবার দুপুরে কদমতলী এলাকার ওই কারখানায় আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে।