দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী

0
সচিবালয়ে দোকানপাট খোলার নতুন সময়সূচি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দেশের শপিং মল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। আজ রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সরকারের এই সিদ্ধান্তের কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় গত ২ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে সন্ধ্যা ৬টার পর দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা ব্যবসায়িক স্বার্থ ও জীবনজীবিকার কথা বিবেচনা করে সময়সীমা রাত ৮টা পর্যন্ত বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানান। এই আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বিষয়টি পুনর্মূল্যায়ন করে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দিয়েছেন। তবে জরুরি সেবাসমূহ এই সময়সীমার আওতার বাইরে থাকবে।

ব্রিফিংকালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আমরা যদি নিজ বাসাবাড়ি ও কর্মস্থলে জ্বালানি সাশ্রয়ী হই, তবে আগামী দিনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।”