যশোর ইনস্টিটিউট বই ব্যাংকে সংরক্ষিত দুষ্প্রাপ্য তালপাতার পাণ্ডুলিপি রক্ষায় শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির বই ব্যাংক ভবনে সংরক্ষিত শ শ বছরের প্রাচীন ও দুষ্প্রাপ্য দলিল তালপাতার পাণ্ডুলিপিগুলো নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে বিশেষ সংরক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির তৃতীয় তলায় শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের মাধ্যমে এই পান্ডুলিপি সংগ্রহের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পান্ডুলিপি সংরক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনকালে তিনি বলেন, এই প্রাচীন পান্ডুলিপিগুলো আমাদের অমূল্য জাতীয় সম্পদ। জলবায়ু ও তাপমাত্রাজনিত কারণে যেন এগুলো নষ্ট না হয়, সেজন্যই আমরা আধুনিক ও বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণের ব্যবস্থা নিয়েছি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর ইনস্টিটিউটের সহ-সভাপতি অ্যাডভোকেট আবু সেলিম রানা, লাইব্রেরি সম্পাদক এস নিয়াম মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট চুন্নু সিদ্দিকী, সদস্য এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

উপমহাদেশের প্রাচীন যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে অসংখ্য দুষ্প্রাপ্য ও ঐতিহাসিক তালপাতার পাণ্ডুলিপি রয়েছে, যা দীর্ঘদিন ধরে সাধারণ পরিবেশে কাচের বাক্সে সংরক্ষিত ছিল। এখন থেকে নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রিত বিশেষ কক্ষে এগুলো রাখা হবে, যাতে গবেষক ও পরবর্তী প্রজন্ম এই প্রাচীন জ্ঞান ভান্ডার থেকে উপকৃত হতে পারেন।