বিসিবিতে অস্থিরতা: ৭ পরিচালকের পদত্যাগ, শেষ পর্যন্ত থাকার ঘোষণা সভাপতির

0
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ।। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অস্থিরতা চরম আকার ধারণ করেছে। বর্তমান পরিচালনা পর্ষদের বয়স ছয় মাস পূর্ণ হওয়ার আগেই ২৫ জন পরিচালকের মধ্যে ৭ জন পদত্যাগ করেছেন। বিশেষ করে গতকালের বোর্ড সভার পর একযোগে ৪ জন পরিচালক পদ ছেড়ে দেওয়ায় বোর্ডের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।

গত অক্টোবরে নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নেওয়া এই পর্ষদ থেকে গতকাল পদত্যাগ করেছেন ফাইয়াজুর রহমান, শানিয়ান তানিম, মেহরাব আলম ও মনজুর আলম। এর আগে ইশতিয়াক সাদেক, আমজাদ হোসেন ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। এমন পরিস্থিতিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, প্রয়োজনে তিনি একাই শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, “আই উইল বি দ্য লাস্ট পারসন টু গো।”

সভাপতি অভিযোগ করেন, গত ছয় মাস ধরে একটি ‘এক্সটার্নাল ফোর্স’ বা বাইরের শক্তি বোর্ডকে শান্তিতে কাজ করতে দিচ্ছে না। এছাড়া গত ১১ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বর্তমান বোর্ডের নির্বাচনী স্বচ্ছতা নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদনের পর সরকার কোনো নেতিবাচক সিদ্ধান্ত নিলে কী করবেন—এমন প্রশ্নে আমিনুল ইসলাম জানান, দেশের জন্য কাজ করতে আসলেও প্রয়োজনে তিনি বিকল্প পথ বেছে নেবেন। তবে বর্তমান সংকটে তিনি হাল ছাড়তে নারাজ।