১৮ জেলার ৩০ উপজেলায় কাল থেকে বিশেষ টিকা কর্মসূচি; যশোর সদরসহ লক্ষ্যমাত্রা ১২ লাখ শিশু

0
দেশে হামের প্রকোপ উদ্বেগজনক: সুরক্ষায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের টিকা দেবে সরকার।। ছবি: এআই জেনারেটেড প্রতীকী ছবি

লোকসমাজ ডেস্ক ॥ দেশে শিশুদের মধ্যে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে ১৮টি জেলার ৩০টি উপজেলায় বিশেষ জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে এসব উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১২ লাখ ৩ হাজার ২৬৭টি শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঢাকা কার্যালয়ের তথ্যমতে, দেশে বর্তমানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে হামের সংক্রমণ ১৬ দশমিক ৮ শতাংশ, যা অত্যন্ত উদ্বেগজনক। সংক্রমণের তালিকায় সবার উপরে রয়েছে বরগুনা সদর উপজেলা (হার ২৯৫)। এরপরই রয়েছে পাবনা সদর (১৮০) ও চাঁদপুর সদর (১৪৪)। স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত নিশ্চিতভাবে ৭৭১ জন হামে আক্রান্ত হয়েছেন এবং এ সময়ে সন্দেহজনক হামে ৯৪ জনের মৃত্যু হয়েছে।

যে ৩০ উপজেলায় জরুরি ভিত্তিতে টিকা দেওয়া হবে: পাঠকদের সুবিধার্থে স্বাস্থ্য বিভাগ কর্তৃক নির্ধারিত ৩০টি উপজেলার পূর্ণাঙ্গ তালিকা জেলাভিত্তিক নিচে দেওয়া হলো:

  • যশোর: যশোর সদর।

  • বরগুনা: বরগুনা সদর।

  • পাবনা: ঈশ্বরদী, পাবনা সদর, আটঘরিয়া ও বেড়া।

  • চাঁদপুর: হাইমচর ও চাঁদপুর সদর।

  • বরিশাল: মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ।

  • কক্সবাজার: মহেশখালী ও রামু।

  • ঢাকা: নবাবগঞ্জ।

  • গাজীপুর: গাজীপুর সদর।

  • ঝালকাঠি: নলছিটি।

  • মাদারীপুর: মাদারীপুর সদর।

  • মুন্সিগঞ্জ: লৌহজং, মুন্সিগঞ্জ সদর ও শ্রীনগর।

  • ময়মনসিংহ: ত্রিশাল, ময়মনসিংহ সদর ও ফুলপুর।

  • নাটোর: নাটোর সদর।

  • নেত্রকোনা: আটপাড়া।

  • নওগাঁ: পোরশা।

  • চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সদর ও ভোলাহাট।

  • রাজশাহী: গোদাগাড়ী।

  • শরীয়তপুর: জাজিরা।

মাঠপর্যায়ে প্রায় ৩০ শতাংশ স্বাস্থ্য সহকারীর পদ শূন্য থাকা সত্ত্বেও এই জরুরি কর্মসূচি সফল করতে স্বাস্থ্যকর্মীরা চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।