যশোরে সাড়ে ৬ কোটি টাকার হীরাসহ ভারতীয় নাগরিক আটক

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ৬ কোটি ৬১ লাখ টাকা মূল্যের ডায়মন্ডের(হীরা) একটি বড় চালানসহ ভারতীয় নাগরিক সুজাউদ্দিনকে (৫২) আটক করেছেন বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার সকালে যশোর-বেনাপোল সড়কের নতুনহাট বাজারে যাত্রীবাহী একটি বাস থেকে তাকে আটক করা হয়।

বিকেলে ঝুমঝুমপুরস্থ ৪৯ ব্যাটালিয়ন বিজিবি সদর দফতরে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল নতুনহাট বাজারে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ভারতীয় নাগরিক সুজ্জাউদ্দিনকে বিজিবি সদস্যরা আটক করেন। আটক সুজাউদ্দিন খান ভারতের তামিলনাড়ুর আবু বক্করের ছেলে।

আটকের পর তার কাছ থেকে ১৫৫ দশমিক ৭৬ গ্রাম ডায়মন্ড উদ্ধার করা হয়। এরপর যশোরে ডায়মন্ড ওয়ার্ল্ড নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়, এগুলো আসল ডায়মন্ড। যার বাজার মূল্য ৬ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৫৯০ টাকা। এছাড়া ওই ব্যক্তির কাছ থেকে বাংলাদেশি ৫ হাজার ৫৩০ টাকা, ভারতীয় ৫ হাজার ৮৮০ রুপি, ৫৫০টি ইউএস ডলার, ২শ থাই বাথ এবং ১টি মোবাইল ফোনসেট ও ১টি ডিজিটাল ঘড়ি উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল খান জানান, আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি ঢাকার এক ব্যক্তির কাছ থেকে ডায়মন্ড সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। নিজেকে ব্যবসায়ী হিসেবে দাবি করা সুজাউদ্দিন ভারতের কলকাতার এক ব্যক্তির কাছে ডায়মন্ড পৌঁছে দেওয়ার কথা ছিলো বলে জানিয়েছেন।

বিজিবি সূত্রে জানা যায়, পাসপোর্টধারী সুজাউদ্দিন গত এক মাসে থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতে যাতায়াত করেছেন বলে জানা গেছে।

আটক সুজাউদ্দিনের নামে যশোর কোতয়ালি থানায় মামলা করেছে বিজিবি। বিকেলেই তাকে থানায় সোপর্দ করা হয়েছে।