সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিসংখ্যান প্রকাশ

0
জনবল সংকটের মুখে বিভিন্ন সরকারি দপ্তরের সেবা কার্যক্রম ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দেশের সরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ে বর্তমানে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে। সোমবার (৩০ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত ‘সরকারি কর্মচারীদের পরিসংখ্যান-২০২৪’ থেকে এই তথ্য জানা গেছে। পরিসংখ্যান অনুযায়ী, সরকারি চাকরিতে মোট অনুমোদিত ১৯ লাখ ১৯ হাজার ১১১টি পদের বিপরীতে বর্তমানে ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন কর্মী কর্মরত আছেন।

প্রতিবেদনের বিস্তারিত বিশ্লেষণে দেখা যায়, প্রথম থেকে নবম গ্রেডে (সাবেক প্রথম শ্রেণি) ৬৮ হাজার ৮৮৪টি পদ খালি রয়েছে। ১০ম থেকে ১২তম গ্রেডে শূন্য পদের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ১৬৬টি। এছাড়া ১৩তম থেকে ১৬তম গ্রেডে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি এবং ১৭তম থেকে ২০তম গ্রেডে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ ফাঁকা আছে। দপ্তরওয়ারী হিসেবে সচিবালয় ও মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৪টি এবং অধিদপ্তরগুলোতে ২ লাখ ৯৬ হাজার ১১২টি পদ খালি পড়ে আছে। এছাড়া স্বায়ত্তশাসিত ও বিভিন্ন করপোরেশনে শূন্য পদের সংখ্যা ১ লাখ ৫১ হাজার ১৫টি। সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রথম ও দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদে নিয়োগ দিলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ সরাসরি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ সম্পন্ন করে থাকে।