সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

0
সংবিধান সংস্কার ইস্যুতে আলোচনার একপর্যায়ে বিরোধী দলীয় সংসদ সদস্যদের কক্ষ ত্যাগ ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের বিষয়ে মুলতবি প্রস্তাবে কোনো কার্যকর প্রতিকার না পাওয়ার অভিযোগ এনে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল জামায়াতে ইসলামী ও তাদের জোটসঙ্গী এনসিপি। বুধবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের বৈঠক থেকে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জোটের সংসদ সদস্যরা বেরিয়ে যান। এ সময় স্পিকার তাদের বিরত থাকার আহ্বান জানালেও বিরোধী দলের সদস্যরা তাতে কর্ণপাত করেননি।

বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অভিযোগ করেন, সংবিধান সংস্কার প্রশ্নে তাদের আনা মুলতবি প্রস্তাবটি চাপা দিতে একজন স্বতন্ত্র সদস্যকে দিয়ে অন্য একটি প্রস্তাব আনা হয়েছে। তিনি দাবি করেন, এটি জনআকাঙ্ক্ষা ও গণভোটের বিষয় হওয়া সত্ত্বেও স্পিকারের কাছ থেকে কোনো স্পষ্ট সিদ্ধান্ত পাওয়া যায়নি। এর প্রতিবাদে এবং দেশবাসীর রায়ের প্রতিফলন না হওয়ার অভিযোগে তারা সংসদ কক্ষ ত্যাগ করেন।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদীয় রীতি অনুযায়ী মুলতবি প্রস্তাবের সীমাবদ্ধতা থাকলেও উদারভাবে আলোচনার সুযোগ দেওয়া হয়েছিল। তিনি বিরোধী দলকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে বলেন, পরবর্তী একটি নোটিশের মাধ্যমে তারা তাদের প্রশ্নের উত্তর পেতে পারতেন। তবে বিরোধী দল সেই যুক্তি গ্রহণ না করে প্রতিবাদলস্বরূপ সাময়িকভাবে সংসদ থেকে ওয়াকআউট করে।