মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে ‘নাস্তিক’ বলায় জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে মামলা

0
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. আমির হামজা ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে (টুকু) ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া–৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার নামে শতকোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি দায়ের করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম নাজমুল ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, বাদীপক্ষের আইনজীবী হামিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতের বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের অপেক্ষায় রেখেছেন বলে জানা গেছে।

মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, গত ২৬ মার্চ মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন করে একটি বক্তব্য দেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সেই বক্তব্যের প্রেক্ষিতে গত শুক্রবার কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় সংসদ সদস্য আমির হামজা মন্ত্রীকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন। তাঁর এই মন্তব্যের বিষয়টি একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয় এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

মামলার বাদী এস এম নাজমুল ইসলাম বলেন, “মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে দেওয়া বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে গিয়ে সংসদ সদস্য আমির হামজা মন্ত্রী মহোদয়ের চরম সম্মানহানি করেছেন। এই অন্যায়ের বিচারের দাবিতেই আমি আদালতের দ্বারস্থ হয়েছি।”