বাঘারপাড়ায় জাল টাকাসহ যুবক আটক

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বাঘারপাড়ায় জাল টাকাসহ তুরাপ হোসেন (২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার রাত ১১টার দিকে উপজেলার খাজুরা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।

তুরাপ উপজেলার বন্দবিলা ইউনিয়নের ছোট খুদরা গ্রামের মৃত মুনসুর আলী মন্ডলের ছেলে। আটক তুরাপ হোসেনকে একমাত্র আসামি করে বাঘারপাড়ায় থানায় সোমবার মামলা করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তুরাপ হোসেন যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় একটি দোকানে বিকাশের পাঠানোর জন্যে ৩হাজার ৭শ টাকা দেয়। এর মধ্যে ৭টি পাঁচশ ও ১টি ২শ টাকার নোট ছিলো। টাকাগুলো নিয়ে দোকানির সন্দেহ হলে পাশে অন্যদের দেখতে বলেন। সবাই টাকাগুলো জাল বলে শনাক্ত করেন।

এ সময় তুরাপকে মারপিট করে খাজুরা পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হয়। ক্যাম্পের এসআই পিন্টু মন্ডল ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে জনতার হাত থেকে হেফাজতে নেন। এ ঘটনায় সোমবার পুলিশ থানায় মামলা করেছে। তবে জাল টাকাগুলো কীভাবে তুরাপের কাছে এলো তার রহস্য এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।

এলাকাবাসী জানিয়েছেন, তুরাপ অনেকদিন ধরে জাল টাকার কারবারের সাথে জড়িত।

এসআই পিন্টু মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সামান্য আহত হওয়ায় আটক তুরাপ হোসেনকে বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। জাল টাকা তুরাপের কাছেই ছিলো বলে তিনি স্বীকার করেছেন।

বাঘারপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, আসামিকে সকালেই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল টাকাগুলো গরু বিক্রির সময় তার কাছে এসেছে বলে তুরাপ পুলিশকে জানিয়েছেন।