এক ঘণ্টার বেশি পানির নিচে! ময়নাতদন্তে রাহুলের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য

0
শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তৈরি হয়েছে নানা প্রশ্ন ।। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক ॥ টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের আবহ কাটতে না কাটতেই সামনে এসেছে চাঞ্চল্যকর প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট। রিপোর্টে ইঙ্গিত মিলেছে, দীর্ঘ সময় পানির নিচে ডুবে থাকার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) কলকাতায় সম্পন্ন হয়েছে এই জনপ্রিয় অভিনেতার শেষকৃত্য।

তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক ময়নাতদন্তে রাহুলের ফুসফুস ও খাদ্যনালিতে বিপুল পরিমাণ বালু ও নোনা পানি পাওয়া গেছে। চিকিৎসকদের মতে, দীর্ঘ সময়—অন্তত এক ঘণ্টার বেশি সময় পানির নিচে থাকলে শ্বাসনালিতে বালুর কণার এমন উপস্থিতি লক্ষ করা যায়। ময়নাতদন্তে আরও দেখা গেছে, পানি ও বালুর প্রবেশে রাহুলের ফুসফুস অস্বাভাবিকভাবে ফুলে দ্বিগুণ আকার ধারণ করেছিল, যা অক্সিজেন আদান-প্রদান বন্ধ করে দেয়। শরীরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন না থাকায় ঘটনাটিকে দুর্ঘটনাজনিত ডুবে মৃত্যু বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে সোমবার বিকেলে কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে রাহুলের শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে বিজয়গড়ের বাসভবন থেকে মরদেহ নিয়ে আসার সময় সহকর্মী, বন্ধু ও ভক্তদের ভিড়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। টলিউডের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, রূপম ইসলামসহ অসংখ্য তারকা ও সাধারণ মানুষ প্রিয় অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। তবে শ্মশানে প্রবেশের সময় তারকা ও বন্ধুদের মধ্যে কিছুটা বাগ্‌বিতণ্ডা ও বিশৃঙ্খলার খবরও পাওয়া গেছে।

ব্যক্তিগত ও রাজনৈতিক বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে বামপন্থী নেতা-কর্মীরা তাঁকে ‘লাল সালাম’ জানান এবং শববাহী গাড়ি লাল পতাকায় মোড়া হয়। ইস্ট বেঙ্গল ও আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে পরিচিত এই অভিনেতার শেষ বিদায়ে তাঁর ছেলের হাতে অগ্নিসংযোগের মাধ্যমে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। সংশ্লিষ্ট চিকিৎসকেরা জানিয়েছেন, পূর্ণাঙ্গ ফরেনসিক রিপোর্ট হাতে এলে মৃত্যুর সুনির্দিষ্ট সময় ও পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।