অন্তর্বর্তীকালীন সরকার এক অর্থে পুরোপুরি নিরপেক্ষ নয়: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

0
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ এই সরকার পুরোপুরি এক অর্থে নিরপেক্ষ না। এই সরকার জুলাই অভ্যুত্থানের পক্ষের সরকার-এমনটাই মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদের হলরুমে গণভোট প্রচারণা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘সরকার জুলাইয়ে যে গণআকাঙ্ক্ষা প্রতিফলন ঘটলো সেটির পক্ষেই বলবে, এটিই তার কাজ। সেই অর্থে এটি পক্ষপাতহীন না, পক্ষপাতমূলক, সেজন্য হ্যাঁ বলছি। কিন্তু হ্যাঁ ভোটটা মানুষের বৃহত্তর স্বার্থে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক রাখা না যায়, তাহলে ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন না৷ মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যেতে আগ্রহী হয় সেটাও দেখতে হবে।

তাই হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য তিনি বলেন, ‘আপনারা আপনাদের নিরপেক্ষতা বজায় রাখবেন। আপনারা কোনো দলের পক্ষে কাজ করবেন না। আপনি যদি কোনো দলের পক্ষে কাজ করেন, তাহলে আপনার নৈতিক শক্তির অবক্ষয় ঘটবে এবং মানুষের চোখেও ছোট হয়ে যাবেন। সর্বোপরি, ভালোভাবে ভোট পরিচালনা করতে পারবেন না।’

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভা আয়োজন করা হয়।

এ সময় পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং সরকারি দফতরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।