কিং খানের সঙ্গী এবার পান্থ কানাই; ‘রকস্টার’ ঘিরে দর্শকদের মাঝে বাড়ছে পারদ

0
শাকিব খানের ‘রকস্টার’-এ বড় সারপ্রাইজ। জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাইকে এবার দেখা যাবে অভিনয়ের পাশাপাশি গানেও।। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক ॥ ঢালিউড মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ ঘিরে যোগ হলো নতুন এক চমক। বহুল আলোচিত এই সিনেমায় শুধু গান নয়, গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়ায় ছবিটির শুটিংয়ে যোগ দেবেন তিনি।

পরিচালক আজমান রুশোর এই সিনেমায় পান্থ কানাইয়ের চরিত্রটি একজন ‘রকস্টারের’। শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করা নিয়ে উচ্ছ্বসিত এই শিল্পী জানান, সিনেমার সবগুলো দৃশ্যেই তাকে শাকিব খানের সঙ্গে দেখা যাবে। অভিনয়ের পাশাপাশি এই সিনেমায় ইমন চৌধুরীর সংগীত পরিচালনায় একটি গানে কণ্ঠও দিচ্ছেন তিনি। শাকিব খানকে ‘দেশের একমাত্র মেগাস্টার’ আখ্যা দিয়ে পান্থ কানাই বলেন, “তাঁর সঙ্গে কাজ করা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা হতে যাচ্ছে।”

বিজ্ঞাপন নির্মাতা আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলাকে। সিনেমার গানগুলোর কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি এবং সংগীত পরিচালনায় রয়েছেন জাহিদ নিরব। ঈদুল ফিতরে ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ মুক্তির রেশ না কাটতেই ঈদুল আজহাকে লক্ষ্য করে মালয়েশিয়ায় পুরোদমে চলছে ‘রকস্টার’-এর চিত্রধারণ।

উল্লেখ্য, এর আগে ‘ফাতিমা’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন পান্থ কানাই। অন্যদিকে, ঈদের আগেই মুক্তি পেয়েছে তার নতুন গান ‘আবার চুমকি’, যা ষাট-সত্তর দশকের নস্টালজিয়া নিয়ে দর্শকদের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছে।