জ্বালানি মজুত ও পাচার রোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ; স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘চিরুনি অভিযান’ চালানোর নির্দেশ

0
জ্বালানি তেল নিয়ে কোনো কারসাজি চলবে না। কৃত্রিম সংকট ও পাচার রোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি এবং সীমান্ত দিয়ে তেল পাচার রোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নিজ নিজ এলাকায় তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অসাধু চক্রের তৎপরতা বন্ধে সরকারি দলের সংসদ সদস্যদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। কিন্তু কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে এবং সীমান্ত দিয়ে তেল পাচারের অভিযোগ পাওয়া গেছে। প্রধানমন্ত্রী এসব কর্মকাণ্ড বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন।

জ্বালানি তেলের মজুত পরিস্থিতি নিয়ে চিফ হুইপ বলেন, “দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। ইতিমধ্যে ২ লাখ মেট্রিক টনের জাহাজ বন্দরে ভিড়েছে এবং আরও সমপরিমাণ তেল আসার পথে রয়েছে।” তিনি আরও জানান, প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন যেন তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করেন এবং কেউ যাতে অপ্রয়োজনে অতিরিক্ত তেল মজুত করতে না পারে সেদিকে কড়া নজর রাখেন। আগামীকাল সংসদ অধিবেশনে জ্বালানি মন্ত্রী এ বিষয়ে ৩০০ বিধিতে বিস্তারিত বক্তব্য রাখবেন।

বৈঠকের শুরুতে স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ ও মোনাজাত করা হয়। এছাড়া সাম্প্রতিক বাস ও ট্রেন দুর্ঘটনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা এ বিষয়ে গৃহীত পদক্ষেপগুলো সংসদীয় কমিটিকে অবহিত করেছেন। চিফ হুইপ আরও জানান, সংসদ সদস্যদের এলাকাভিত্তিক সমস্যা সমাধানে তথ্য দিয়ে সহায়তার জন্য মন্ত্রীদের বাধ্য করেছেন প্রধানমন্ত্রী। এখন থেকে প্রতি মাসে এ ধরণের ব্রিফিংয়ের ব্যবস্থা করা হবে।