জ্বালানি তেল তদারকিতে সরকারের সাড়াশি অভিযান; অবৈধ মজুদের তথ্য দিলে মিলবে পুরস্কার

0
শুক্রবার (২৭ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিশেষ বার্তায় প্রতিটি জেলায় তদারকি কমিটি গঠনের তথ্য নিশ্চিত করেছে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দেশে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুদদারি রোধে ব্যাপক তদারকি কার্যক্রম শুরু করেছে সরকার। শুক্রবার (২৭ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিশেষ বার্তায় প্রতিটি জেলায় তদারকি কমিটি গঠনের তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে অসাধু চক্রের অবৈধ মজুদের সুনির্দিষ্ট তথ্য প্রদানকারী নাগরিকদের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি জেলায় জেলা প্রশাসনের নেতৃত্বে ‘ভিজিলেন্স টিম’ গঠন করা হয়েছে। অধিকাংশ জেলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এই টিমের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দলগুলো তেল ডিপো, পেট্রোল পাম্প এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কার্যক্রম কঠোর নজরদারিতে রাখবে।

ইতিমধ্যেই এই তদারকির অংশ হিসেবে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বড় ধরনের সাফল্য পেয়েছে প্রশাসন। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদারের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে পতেঙ্গার কমিশনার ঘাট এলাকা থেকে প্রায় ৬ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার করা হয়েছে। ৩০টি ড্রামে মজুদ করা এই জ্বালানি তেল সমুদ্রগামী জাহাজ বা ডিপো থেকে পাচার করা হয়েছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

এদিকে, আজ দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দাবি করেছেন, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই। কিছু অসাধু কালোবাজারি কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, জনগণের দুর্ভোগ কমাতে সরকার প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। বৈশ্বিক চাপ থাকলেও সাধারণ মানুষের স্বার্থে তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। মন্ত্রণালয় সাধারণ মানুষকে অবৈধ মজুদ সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে।