এবার দেশ গড়ার পালা; বিজয়ের পর তারেক রহমানের ঐক্যের আহ্বান

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারেক রহমান। তিনি বলেছেন, “এবার দেশ গড়ার পালা। দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে দেশি–বিদেশি গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র চেয়ারম্যান তারেক রহমান বলেন, “জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা।” তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিএনপির চেয়ারম্যান বলেন, “গণতান্ত্রিক জনগণের প্রতি আমার আহ্বান-যেভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ভূমিকা রেখেছিলাম, একইভাবে এবার দুর্নীতি রোধ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করে বাংলাদেশকে একটি নিরাপদ ও মানবিক দেশ হিসেবে প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করি।”

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র এই শীর্ষ নেতা নির্বাচনের ফলাফলকে “গণতন্ত্র ও বাংলাদেশের বিজয়” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “শত প্রতিবন্ধকতা মোকাবিলা করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছি। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু করতে হচ্ছে।”

নির্বাচনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সরকার ও বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। “আমাদের পথ ও মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তারেক রহমান। তিনি বলেন, বিচারিক কর্মকর্তা, প্রশাসন, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের আন্তরিকতা ছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হতো না।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান ও বিএনপির কেন্দ্রীয় নেতারা।

দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেতে কোনো ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “জনগণকে কনভিন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে আমাদের পক্ষে আনা-সেখানেই আমরা সফল হয়েছি।”