৪০ যাত্রী নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে পদ্মায় পড়ল বাস

0
ফেরির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে তলিয়ে গেল সৌহার্দ্য পরিবহন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে এক ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৪০ জন যাত্রীসহ একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। আজ বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরি ঘাটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাসটি নদী পার হওয়ার অপেক্ষায় পন্টুনে দাঁড়িয়ে ছিল।

প্রত্যক্ষদর্শী ও ঘাট কর্তৃপক্ষ জানায়, বিকেল ৫টার কিছু আগে বাসটি ৩ নম্বর ঘাটে আসে। একটি ফেরি ছেড়ে যাওয়ায় পরবর্তী ফেরির জন্য বাসটি পন্টুনে অপেক্ষা করছিল। সোয়া ৫টার দিকে ‘হাসনা হেনা’ নামক একটি ইউটিলিটি (ছোট) ফেরি ঘাটে ভেড়ার সময় সজোরে পন্টুনে আঘাত করে। ফেরির তীব্র ধাক্কায় চালক বাসের নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হলে সেটি হুড়মুড় করে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার সময় বাসে নারী ও শিশুসহ প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। স্থানীয়রা জানান, বাসটি চোখের সামনে ডুবে যাওয়ার সময় মাত্র কয়েকজন যাত্রী সাতরে ওপরে উঠতে সক্ষম হলেও অধিকাংশ যাত্রীই বাসের ভেতর আটকা পড়েছেন। খবর পেয়ে দৌলতদিয়া ঘাটে অবস্থানরত উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করেছে।
এছাড়া উদ্ধার কাজে সহায়তার জন্য ঢাকা ও ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিআইডব্লিউটিসি ও নৌ-পুলিশের কর্মকর্তারা বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করছেন।