কুমিল্লায় মধ্যরাতে ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: দুই শিশুসহ নিহত ১২, আহত ১০

0
কুমিল্লার পদুয়ার বাজারে ট্রেন-বাসের ভয়াবহ সংঘর্ষে ১২ জনের প্রাণহানি। মধ্যরাতের এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছে ২ শিশু।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে মধ্যরাতে এক ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। দ্রুতগামী একটি ট্রেনের সঙ্গে রেললাইনে উঠে পড়া যাত্রীবাহী বাসের সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।

ময়নামতি হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেনটি যখন ক্রসিং অতিক্রম করছিল, ঠিক তখন চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল’ পরিবহনের একটি বাস রেললাইনে উঠে পড়ে। ট্রেনের প্রচণ্ড ধাক্কায় বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রেনটি বাসটিকে প্রায় আধা কিলোমিটার পথ হিঁচড়ে নিয়ে যায়।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে দুইজন শিশু, তিনজন নারী এবং সাতজন পুরুষ রয়েছেন। ঘটনার পরপরই স্থানীয় জনতা ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।