‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি’; বিতর্কিত রানআউট নিয়ে সালমানের ক্ষোভে লিটনের কড়া জবাব

0
সালমান আগা বিতর্কিতভাবে রান আউট হওয়ার পর তাঁর দিকে এগিয়ে গিয়ে কিছু একটা ব্যাখ্যা করার চেষ্টা করছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক ॥ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ১২৮ রানের বিশাল ব্যবধানে হারের চেয়েও বেশি আলোচিত হচ্ছে সালমান আলী আগার সেই ‘অপ্রত্যাশিত’ রানআউট। ইনিংসের ৩৯তম ওভারে মেহেদী হাসান মিরাজের করা সেই রানআউট নিয়ে ক্রিকেট বিশ্ব যখন দুই ভাগে বিভক্ত, তখন সতীর্থের পাশেই দাঁড়িয়েছেন উইকেটকিপার লিটন দাস। ম্যাচ শেষে স্পষ্ট ভাষায় লিটন জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে জেতার লক্ষ্যেই সবাই মাঠে নামে এবং এখানে নিয়ম বহির্ভূত কিছু ঘটেনি।

ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে। মোহাম্মদ রিজওয়ানের একটি শট বোলার মিরাজ পা দিয়ে আটকালে নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা সালমান একটু ক্রিজের বাইরে চলে আসেন। সালমান বলটি মিরাজের হাতে তুলে দিতে চাইলে সুযোগ বুঝে মিরাজ স্টাম্প ভেঙে দেন। আম্পায়ারের সিদ্ধান্তে সালমান আউট হলে তিনি মেজাজ হারিয়ে হেলমেট-গ্লাভস ছুঁড়ে মারেন। এ সময় উইকেটে লিটনের সঙ্গেও তর্কে জড়াতে দেখা যায় তাঁকে। এ বিষয়ে লিটন বলেন, “এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি। এটা আন্তর্জাতিক ম্যাচ। নিয়মে আছে আউট, এখানে স্পোর্টসম্যানশিপ নষ্ট হয়েছে বলে আমার মনে হয় না।”

বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও মিরাজকে সমর্থন করে বলেছেন, মিরাজ নিজের জায়গা থেকে ঠিক কাজই করেছেন। তবে ম্যাচে বাংলাদেশ লড়াই করতে পারেনি। বৃষ্টির কারণে ৩২ ওভারে ২৪৩ রানের কঠিন লক্ষ্য তাড়ায় মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় শান্তর দল। লিটন মনে করেন, বৃষ্টি না নামলে এবং ৫০ ওভারের খেলা হলে ফলাফল ভিন্ন হতে পারত।