বিএনপি নেতা মির্জা আব্বাস অসুস্থ; রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি

0
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় কেবিনে স্থানান্তর করা হয়েছে মির্জা আব্বাসকে ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, সংসদ সদস্য এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১১ মার্চ) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার ইফতারের সময় মির্জা আব্বাস হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। শুরুতে বাসায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় গভীর রাতে তাঁকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আকস্মিক এই অসুস্থতায় তাঁর পরিবারের সদস্য ও রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তাঁর স্বামীর শারীরিক অবস্থার কথা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তিনি বলেন, মির্জা আব্বাস বর্তমানে চিকিৎসাধীন আছেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য তিনি দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন। এদিকে মির্জা আব্বাসের অসুস্থতার খবর পেয়ে দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ তাঁর খোঁজখবর নিচ্ছেন।