[সরাসরি] ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

0
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ থেকে শুরু।। ছবি: সংগৃহীত
শপথ নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল শপথ গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টার পর জাতীয় সংসদ ভবনে অবস্থিত রাষ্ট্রপতির কার্যালয়ে তাঁদের এই শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

স্পিকারকে শপথ পড়াচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।। ছবি: সংগৃহীত

শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শপথ পড়ান রাষ্ট্রপতি। এরপর নবনিযুক্ত ডেপুটি স্পিকার কায়সার কামালকে শপথ বাক্য পাঠ করানো হয়। সংসদীয় রেওয়াজ অনুযায়ী, রাষ্ট্রপতি নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালনে নিষ্ঠা ও সততার শপথ করান। শপথ অনুষ্ঠান শেষে দুই জ্যেষ্ঠ সাংবিধানিক পদের অধিকারী ব্যক্তিগণ শপথ বইয়ে স্বাক্ষর করেন।

ডেপুটি স্পিকার কায়সার কামালকে শপথ পড়াচ্ছেন রাষ্ট্রপতি ।। ছবি: সংগৃহীত

এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যবৃন্দ এবং জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে আজ সকালেই তাঁরা সংসদীয় অধিবেশনে কণ্ঠভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। শপথ গ্রহণের মাধ্যমে তাঁরা আনুষ্ঠানিকভাবে সংসদের অভিভাবকত্বের দায়িত্বভার গ্রহণ করলেন। এখন থেকে স্পিকারের সভাপতিত্বেই সংসদের পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

 

স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল

লোকসমাজ ডেস্ক ॥ উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন অভিভাবক নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশনে সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।

স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ।। ছবি: সংগৃহীত

অধিবেশনের শুরুতে সভাপতি জানান, স্পিকার পদে একটি মাত্র মনোনয়নপত্র জমা পড়েছে। সংসদ সদস্য নুরুল ইসলাম স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন এবং সংসদ সদস্য রকিবুল ইসলাম তা সমর্থন করেন। সংশ্লিষ্ট প্রার্থী এই দায়িত্ব পালনে সম্মত থাকায় প্রস্তাবটি সংসদে কণ্ঠভোটে দেওয়া হয় এবং ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার মাধ্যমে তিনি স্পিকার নির্বাচিত হন।

ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল।। ছবি: সংগৃহীত

এরপর ডেপুটি স্পিকার পদেও একটি মাত্র মনোনয়নপত্র জমা পড়ার কথা জানান সভাপতি। সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামালের নাম প্রস্তাব করেন রুহুল কুদ্দুস তালুকদার এবং সমর্থন জানান আশরাফউদ্দিন। প্রস্তাবটি সংসদে পেশ করা হলে সর্বসম্মতিক্রমে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার মাধ্যমে কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হন। নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে সংসদীয় ঐতিহ্য অনুযায়ী অভিনন্দন জানান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য সংসদ সদস্যবৃন্দ।

 

সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী, সমর্থন বিরোধী দলের
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। দায়িত্বপালনের সুযোগ পেয়ে সম্মানিতবোধ করছেন বলে জানান তিনি। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও সব সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।