বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ হতে লাগবে ১৮ বছরের অভিজ্ঞতা

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্কুল ও কলেজের শীর্ষ পদে (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক) নিয়োগ পেতে ন্যূনতম ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

মঙ্গলবার (১০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা–২০২৪’ রিভিউ–সংক্রান্ত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাতেই এ বিষয়ে আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়েছে।

এর আগে, শিক্ষাপ্রতিষ্ঠানের এসব পদে নিয়োগের ক্ষেত্রে ১২ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হতো।

নতুন সংশোধিত নীতিমালা অনুযায়ী, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ/উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ/ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে এমপিওভুক্ত হিসেবে কর্মরত অথবা এমপিওভুক্ত হিসেবে ডিগ্রি কলেজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক কলেজ/স্কুল অ্যান্ড কলেজে প্রভাষক অথবা প্রভাষক ও জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক পদে মোট ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

এতে বলা হয়েছে, মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক বা নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে তিন বছরের ভিজ্ঞতাসহ এমপিওভুক্ত পদে সর্বমোট ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।