ইফতারের আগেই পাকিস্তানের দর্পচূর্ণ; মিরপুরে ৮ উইকেটের ঐতিহাসিক জয় বাংলাদেশের

0
৫ উইকেটে নিয়ে রেকর্ড গড়েছেন নাহিদ রানা।। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক ॥ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ যা হলো, তাকে এক কথায় ‘পাকিস্তান বধ’ বললেও কম বলা হবে। গতির রাজা নাহিদ রানার বিধ্বংসী ৫ উইকেটের পর ওপেনার তানজিদ হাসান তামিমের টর্নেডো ব্যাটিংয়ে ইফতারের আগেই জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। পাকিস্তানের দেওয়া ১১৫ রানের মামুলি লক্ষ্য মাত্র ১৫.১ ওভারেই পেরিয়ে যায় লাল-সবুজরা। ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটের এই জয়টি পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বড় জয়।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বাজি ছিল পেস বোলিং। শুরুটা ধীরস্থির হলেও ১০ম ওভারে নাহিদ রানা আক্রমণে আসতেই দৃশ্যপট বদলে যায়। নিজের প্রথম ৫ ওভারের প্রত্যেকটিতে একটি করে উইকেট নিয়ে পাকিস্তানের টপ ও মিডল অর্ডার ধসিয়ে দেন নাহিদ। সাহিবজাদা ফারহান, রিজওয়ান ও সালমান আগাদের মতো অভিজ্ঞদের ফিরিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ‘ফাইফার’ পূর্ণ করেন তিনি। নাহিদের আগুনের গোলার সঙ্গে মিরাজের ৩ উইকেটে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ১১৪ রানে।

জবাবে ব্যাট করতে নেমে সাইফ হাসান দ্রুত বিদায় নিলেও তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে টি-টোয়েন্টি মেজাজে রান তুলতে থাকে বাংলাদেশ। তানজিদ মাত্র ৪২ বলে ৫টি ছক্কা ও ৭টি চারে ৬৭ রানের এক বিধ্বংসী অপরাজিত ইনিংস খেলেন। দ্বিতীয় উইকেটে শান্তর (২৭) সঙ্গে তাঁর ৮২ রানের জুটি জয়কে দৃষ্টিসীমানায় নিয়ে আসে। শেষ পর্যন্ত লিটন দাসকে সঙ্গে নিয়ে ইফতারের ঠিক আগ মুহূর্তে জয়সূচক রানটি তুলে নেন তানজিদ। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।