কেশবপুরে কেমিক্যাল মিশিয়ে ভেজাল দুধ তৈরির কারখানা সিলগালা; ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

0
উদ্ধারকৃত ভেজাল দুধ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক উপাদান জনসম্মুখে ধ্বংস করছে যৌথ বাহিনী।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নে ভয়ংকর কেমিক্যাল মিশিয়ে কৃত্রিমভাবে ‘গরুর দুধ’ তৈরির একটি কারখানায় সাড়াশি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। সোমবার (৯ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত পাথরঘাটা গ্রামের ঘোষপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সময় ৬ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও মোট ৬ লাখ টাকা জরিমানা করেছেন।

অভিযান সূত্রে জানা গেছে, পাথরঘাটা গ্রামের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে গরুর দুধের সাথে জেলি, তেল, গ্লুকোজ, সোডা ও গুঁড়ো দুধসহ বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে ব্যারেলভর্তি ভেজাল দুধ উৎপাদন করে বাজারে সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী ওই এলাকার একটি বাঁশবাগান থেকে বিপুল পরিমাণ ক্ষতিকর কেমিক্যাল ও ভেজাল দুধ তৈরির উপকরণ উদ্ধার করে। অভিযুক্ত অনুপ ঘোষ অধিক মুনাফার আশায় এ ধরনের জনস্বাস্থ্যবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কথা আদালতের কাছে স্বীকার করেছেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পরিচালিত এ অভিযানে পাথরঘাটা গ্রামের স্বপন ঘোষ, অনুপ ঘোষ, বৈধ্যদেব ঘোষ, রামপ্রসাদ ঘোষ ও মিলন ঘোষকে এক বছর করে কারাদণ্ড এবং পার্থ ঘোষকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত সাজা প্রদান করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অলকেশ কুমার সরকারসহ র‍্যাব ও পুলিশের সদস্যরা। উদ্ধারকৃত বিপুল পরিমাণ ভেজাল দুধ ও কেমিক্যাল জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।