টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৬৪ কোটি টাকার প্রাইজমানি; কোন দেশ কত পেল?

0
ট্রফির সাথে টাকার পাহাড়! টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত থেকে শুরু করে গ্রুপ পর্বের দলগুলোও পাচ্ছে কোটি কোটি টাকা।। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক ॥ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের গৌরব শুধু ট্রফিতেই সীমাবদ্ধ নেই, এর সাথে যুক্ত হয়েছে বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার। নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া ভারত আইসিসি থেকে প্রাইজমানি বাবদ পাচ্ছে ৩০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ কোটি ৫০ লাখ টাকা। তবে কেবল চ্যাম্পিয়ন নয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দলের জন্যই বড় অঙ্কের অর্থ বরাদ্দ রেখেছে।

আইসিসি ঘোষিত তথ্যানুযায়ী, এবারের বিশ্বকাপে মোট প্রাইজমানি ছিল ১ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৬৪ কোটি টাকারও বেশি। ফাইনালে পরাজিত হয়ে রানার্সআপ হওয়া নিউজিল্যান্ড পাচ্ছে ১৬ লাখ মার্কিন ডলার (সাড়ে ১৯ কোটি টাকা)। সেমিফাইনালে থমকে যাওয়া দুই দল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার প্রতিটি পাচ্ছে ৭ লাখ ৯০ হাজার ডলার (সাড়ে ৯ কোটি টাকা)।

সুপার এইট থেকে বিদায় নেওয়া জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান দলের প্রত্যেকে পাচ্ছে ৩ লাখ ৮০ হাজার ডলার বা সাড়ে ৪ কোটি টাকা। এমনকি গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ১২টি দলের প্রতিটি দল অংশগ্রহণ বাবদ পাচ্ছে আড়াই লাখ ডলার বা ৩ কোটি টাকার বেশি। ফলে মাঠের লড়াইয়ে হারলেও আর্থিক দিক থেকে খালি হাতে ফিরছে না কোনো দেশই।