মোজতবা খামেনির নিয়োগে ট্রাম্প ‘সন্তুষ্ট নন’

0
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষিত মোজতবা খামেনি, যিনি দীর্ঘদিন পর্দার আড়ালে থেকে দেশটির নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ করতেন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ মার্কিন ও ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর নাটকীয়ভাবে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্থলাভিষিক্ত হলেন তার দ্বিতীয় পুত্র মোজতবা খামেনি। সোমবার (৯ মার্চ) ইরানের ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’ মোজতবার নাম ঘোষণা করার পরপরই বৈশ্বিক রাজনীতিতে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নিয়োগে ‘সন্তুষ্ট নন’ বলে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

রক্ষণশীল মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিড জানিয়েছেন, মোজতবার নাম ঘোষণার পর ট্রাম্পের সাথে তার কথা হয়েছে। সেখানে ট্রাম্প সরাসরি বলেছেন, “আমি সন্তুষ্ট নই।” এর আগে চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “খামেনির ছেলে আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমার অনুমোদন ছাড়া যে-ই আসুক, সে দীর্ঘদিন টিকতে পারবে না।” অন্যদিকে, ইসরায়েলও নতুন নেতার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

৫৬ বছর বয়সী মোজতবা খামেনি দীর্ঘদিন পর্দার আড়ালে থেকে শাসনকার্যে প্রভাব খাটানোর জন্য পরিচিত। শিয়া ধর্মতত্ত্বের কেন্দ্র কোমে পড়াশোনা করা মোজতবা কখনো আনুষ্ঠানিক কোনো সরকারি পদে ছিলেন না। তবে বাসিজ মিলিশিয়া এবং রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ওপর তার ব্যাপক প্রভাব রয়েছে বলে মনে করা হয়। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

মোজতবা ক্ষমতা গ্রহণের পরপরই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে। ইরান থেকে পুনরায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। কাতার, বাহরাইন ও কুয়েতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ দিয়েছে। তবে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি জানিয়েছেন, ট্রাম্পের হামলার হুমকি সত্ত্বেও উত্তরসূরি নির্বাচনে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস সফল হওয়ায় দেশটি কোনো অচলাবস্থায় পড়েনি। আইআরজিসি মোজতবাকে ‘সর্বগুণসম্পন্ন ইসলামী আইনবিশারদ’ হিসেবে স্বাগত জানিয়েছে।