জীবননগরে ট্রাক্টরের ধাক্কায় সৌদি প্রবাসী নিহত, আহত ২

0
নিহত সৌদি প্রবাসী আরিফুল ইসলাম (৩০)।

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম (৩০) নামে এক সৌদি প্রবাসী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা দুই বন্ধু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৮ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে জীবননগর-উথলী সড়কের শিয়ালমারী পশুহাটের নিকট কেরু অ্যান্ড কোম্পানির একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের মরহুম মসলেম উদ্দিনের ছেলে। আহতরা হলেন—একই গ্রামের আসাদুল ইসলামের ছেলে সোহেল (২৭) ও রবিউল ইসলামের ছেলে ফারুক হোসেন (২৮)।

নিহতের ভাই জানান, আরিফুল ও তার দুই বন্ধু একটি ইফতার মাহফিল শেষে মোটরসাইকেল যোগে জীবননগর থেকে উথলীর দিকে যাচ্ছিলেন। পথে শিয়ালমারী পশুহাটের কাছে কেরু অ্যান্ড কোম্পানির একটি আলু বোঝাই ট্রাক্টর (চুয়াডাঙ্গা ই ০৬-০০১৫) অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির অবৈধ আলমসাধু সামনে পড়ে যায়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের ট্রলিতে সজোরে ধাক্কা খায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে আরিফুলের মাথা ফেটে যায় এবং তার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফুলকে মৃত ঘোষণা করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাসিবুর রহমান বলেন, “আরিফুলকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।”

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।