‘এক ইঞ্চি জমিও ছাড় দেওয়া হবে না’, জাতির উদ্দেশে ভাষণে ইরানের প্রেসিডেন্ট

0
জাতির উদ্দেশে দেওয়া বিশেষ ভাষণে ইরানের সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥  যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান চরম উত্তেজনার মধ্যেই জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশের সার্বভৌমত্ব রক্ষায় চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার (৮ মার্চ) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এই ভাষণে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান তার ভূখণ্ডের এক ইঞ্চি জমিও শত্রুর দখলে যেতে দেবে না। দেশের স্বাধীনতা ও নিরাপত্তা বজায় রাখতে তিনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আলজাজিরার বরাতে জানা যায়, ভাষণে পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোর সাথে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক বজায় রাখার ইচ্ছা ব্যক্ত করলেও অঞ্চলটিতে বিভাজন সৃষ্টির জন্য শত্রুপক্ষকে দায়ী করেন। তিনি দাবি করেন, ইরানের ওপর পরিচালিত কিছু হামলা অন্য দেশের ভূখণ্ড ব্যবহার করে চালানো হচ্ছে, যার উপযুক্ত জবাব দিতে তেহরান বাধ্য। তবে একে সেই দেশগুলোর সাথে সরাসরি বিরোধ হিসেবে না দেখার অনুরোধ জানিয়েছেন তিনি। কোনো প্রকার আগ্রাসনের বিরুদ্ধে ‘জনতার শক্তিই’ ইরানের প্রধান হাতিয়ার উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, যারাই ইরানের ওপর আক্রমণ চালাবে, তাদের বিরুদ্ধে কঠোরতম অবস্থান নেওয়া হবে।