খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান

0
ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে বেগম খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার গ্রহণ করছেন ব্যারিস্টার জাইমা রহমান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে (মরণোত্তর) শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। প্রয়াত নেত্রীর পক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে সম্মাননা পদক ও সনদ গ্রহণ করেন তাঁর নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের আটটি বিভাগ থেকে বাছাইকৃত ৩৯ জন জয়িতার মধ্য থেকে মোট ৫ জনকে জাতীয় পর্যায়ে পুরস্কৃত করা হয়েছে। তাঁদের মধ্যে খুলনার ববিতা খাতুন, চট্টগ্রামের শমলা বেগম, রংপুরের নুরবানু কবীর, ময়মনসিংহের নূরুন নাহার আক্তার এবং ঢাকার আফরোজা ইয়াসমিনের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি।

সমাজ ও অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে অদম্য মনোবলের পরিচয় দেওয়া এসব নারীদের স্বীকৃতি প্রদানকালে রাষ্ট্রপতি বলেন, নারীদের নেতৃত্ব ও সংগ্রামের গল্পগুলো দেশের অগ্রযাত্রায় অনুপ্রেরণা জোগাবে। জাইমা রহমান তাঁর দাদির পক্ষে এ সম্মাননা গ্রহণ করায় অনুষ্ঠানস্থলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সারা দেশের বিভাগীয় পর্যায়ে জয়ী অন্যান্য নারীদের নামও অনুষ্ঠানে ঘোষণা করা হয়।