চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮টি জাহাজ

0
জ্বালানি নিয়ে স্বস্তির খবর! চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে ৮টি এলএনজি ও এলপিজি জাহাজ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি অনিশ্চয়তার মধ্যে বড় ধরনের স্বস্তির খবর দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। রোববার (৮ মার্চ) সকালে কুতুবদিয়া ও মহেশখালী জলসীমায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বোঝাই আটটি জাহাজ এসে পৌঁছেছে। বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম নিশ্চিত করেছেন যে, গত ২৮ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি বন্ধ হওয়ার আগেই এই জাহাজগুলো ঝুঁকিপূর্ণ জলপথটি অতিক্রম করতে সক্ষম হয়।

আগত জাহাজগুলোর মধ্যে কাতার থেকে পাঁচটি এলএনজিবাহী বড় কার্গো এসেছে। ফ্রান্সের পতাকাবাহী ‘আল জুর’, গ্রিসের ‘আল জাসাসিয়া’ এবং বাহামার ‘লুসাইল’ সহ লাইবেরিয়ার আরও দুটি জাহাজ বিপুল পরিমাণ এলএনজি নিয়ে বাংলাদেশের জলসীমায় অবস্থান করছে। এলপিজি আমদানির ক্ষেত্রে ওমানের সোহার বন্দর থেকে এসেছে পানামার পতাকাবাহী দুটি জাহাজ। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে রাসায়নিক কাঁচামাল (এমইজি) নিয়ে আরও একটি জাহাজ বন্দরে নোঙর করেছে। বন্দর সংশ্লিষ্টরা জানান, ২৮ ফেব্রুয়ারির পর মধ্যপ্রাচ্যে অনেক জাহাজ আটকা পড়লেও এই আটটি জাহাজ পৌঁছানোয় দেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী হবে। উল্লেখ্য, মজুত ঠিক রাখতে শুক্রবার থেকে পেট্রোল পাম্পগুলোতে রেশনিং ব্যবস্থা চালু করেছে বিপিসি।