নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন

0
মির্জা আব্বাসকে নিয়ে 'ডফাদার' মন্তব্য করে ফেঁসে যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে আদালতে মামলার আবেদন করা হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষ থেকে এই আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে আবেদনটি জমা দেওয়া হয়।

মামলার আরজিতে উল্লেখ করা হয়, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের কাছে পরাজিত হওয়ার পর থেকেই নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। সর্বশেষ গত ৫ মার্চ ফেসবুকে তিনি মির্জা আব্বাসকে ‘বাংলাদেশ ক্রিমিনাল র‍্যাংকিংয়ে নাম্বার ওয়ান গডফাদার’ বলে আখ্যায়িত করেন। বাদীর দাবি, এই ধরনের কুরুচিপূর্ণ ও বানোয়াট তথ্য প্রচারের মাধ্যমে মির্জা আব্বাসের দীর্ঘদিনের রাজনৈতিক ভাবমূর্তি ও সামাজিক সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। বাদী পক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম জানান, আজই এই বিষয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, নির্বাচনে হারার পর থেকেই নাসীরুদ্দীন পাটওয়ারী ভোট কারচুপির অভিযোগ তুলে আসছিলেন, যার ধারাবাহিকতায় এই আইনি সংঘাত শুরু হলো।